
কুমিল্লা প্রতিনিধি।।
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ রাখার এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুমিল্লার জমিন পরিবারের পরিবেশ বিভাগের উদ্যোগে পুরাতন গোমতী নদীকে সংরক্ষণ এবং আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জুন) সকালে কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদীর তীরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, পরিবেশ সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পুরাতন গোমতী নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, দখলমুক্তকরণ, সৌন্দর্য বৃদ্ধি এবং এর পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়।বক্তারা বলেন, পরিবেশ দিবসের এ দিনে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি উদ্বেগজনক। নদী, খাল, জলাশয় ও উন্মুক্ত স্থান দখল ও দূষণের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক পুরাতন গোমতী নদীও দীর্ঘদিন ধরে অবহেলা, দখল এবং দূষণের শিকার হয়ে অস্তিত্ব সংকটে রয়েছে। এক সময়ের প্রাণবন্ত এই নদী আজ ‘মরা গোমতী’ হিসেবে পরিচিতি পেয়েছে।তারা আরও বলেন, নদী রক্ষার নামে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। পুরাতন গোমতী নদী পুনরুদ্ধারে নেওয়া শত শত কোটি টাকার প্রকল্প বারবার মেয়াদ বৃদ্ধি পেলেও বাস্তবায়নের সুফল জনগণ দেখতে পাচ্ছে না। নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনকে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দখলমুক্ত করে পুরাতন গোমতী নদীকে আধুনিক লেকে রূপান্তর করা গেলে এটি কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে।মানববন্ধনে বক্তারা রাজধানীর হাতিরঝিল প্রকল্পের উদাহরণ তুলে ধরে বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুরাতন গোমতী নদীকেও আধুনিক নগর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে যেমন নগরীর পরিবেশের উন্নয়ন হবে, তেমনি সৃষ্টি হবে নতুন পর্যটন সম্ভাবনা। পাশাপাশি নাগরিকদেরও পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।কুমিল্লার জমিন পরিবারের সভাপতি জামিল আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, সিটিভি নিউজ ২৪-এর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং-এর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, বিশিষ্ট নারী নেত্রী শাহানা হক, ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের প্রভাষক আমিনুল হক মুন্না, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিরাজুল হক এবং দৈনিক আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান।অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জমিন পরিবারের পরিবেশ বিভাগের দলনেতা সুশান্ত পাল। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার জমিনের চিফ রিপোর্টার জাহিদ হাসান নাইম, স্টাফ রিপোর্টার ফরহাদ ভূঁইয়া, বিল্লাল হোসেন, হৃদয় হাসান, আবির নিহাল, সায়মন সানি, শরিফুল ইসলাম, রাহাত ভূঁইয়া, সায়মনসহ কুমিল্লার জমিন পরিবারের সদস্যরা।পরিবেশ রক্ষা এবং পুরাতন গোমতী নদী পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে পুরাতন গোমতী নদী আবারও তার হারানো সৌন্দর্য ফিরে পাবে এবং কুমিল্লাবাসীর জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।